লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হার, তবুও সাফল্যের ছাপ রেখে বিদায় বাংলাদেশের মেয়েদের

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হার, তবুও সাফল্যের ছাপ রেখে বিদায় বাংলাদেশের মেয়েদের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও জয় অধরা থাকল বাংলাদেশের মেয়েদের। লর্ডসে অনুষ্ঠিত এই ম্যাচে ৪ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল। তবে পরাজয় দিয়ে শেষ হলেও এবারের আসরটি বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য মাইলফলক হয়ে থাকবে। নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে সরাসরি পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ইনিংসের প্রথম বলেই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের বিদায় এবং তাজ নেহারের ধীরগতির ব্যাটিংয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। তবে সোবহানা মোস্তারি ও শারমিন আক্তারের ৫১ রানের জুটি দলকে কিছুটা স্বস্তি দেয়। শেষ দিকে অধিনায়ক নিগারের ২০ বলে অপরাজিত ৩২ রানের ঝলমলে ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রানের লড়াই করার মতো পুঁজি পায়।

১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতেই হোঁচট খায়। মারুফা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে প্রথম বলেই সাজঘরে ফেরেন লরা উলভার্ট। তবে পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকা দ্রুত রান তোলায় ম্যাচে নিয়ন্ত্রণ নিতে শুরু করে। শেষ দিকে ম্যাচটি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। মারুফার করা শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। স্বর্ণা আক্তারের ক্যাচ ও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। চোলে টায়রনের ব্যাটে ভর করে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

হার দিয়ে আসর শেষ করলেও এবারের বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ইতিবাচক। গত ৬ আসরে যেখানে মাত্র তিনটি জয় ছিল, সেখানে এবার এক আসরেই দুটি জয় তুলে নিয়েছে দলটি। বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে লড়াই করার মানসিকতা এবং পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা বাংলাদেশের নারী ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ারই বার্তা দিচ্ছে।

এছাড়াও

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল

ক্রিকেটের তীর্থস্থান হিসেবে পরিচিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিকানাধীন সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) সম্মানসূচক আজীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *