চলতি বছরের জুন মাসে দেশে সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সাম্প্রতিক প্রতিবেদনে। দেশের ১৬টি জাতীয় দৈনিক এবং নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রস্তুতকৃত এই প্রতিবেদনে দেখা গেছে, রাজনৈতিক অস্থিরতা, আধিপত্য বিস্তার এবং সামাজিক অপরাধের কারণে জুন মাসটি অত্যন্ত রক্তক্ষয়ী ছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুন মাসে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনায় ৯ জন নিহত এবং অন্তত ৩৪৬ জন আহত হয়েছেন। মে মাসের তুলনায় এই সহিংসতার হার বেশ ঊর্ধ্বমুখী। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল, বিশেষ করে বিএনপির বিভিন্ন অভ্যন্তরীণ সংঘাত, বিএনপি-জামায়াত সংঘর্ষ এবং আওয়ামী লীগ-বিএনপির মধ্যকার বিরোধে প্রাণহানির ঘটনাগুলো বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রাজনৈতিক দলের কর্মী ও চরমপন্থী সংগঠনের সদস্য রয়েছেন।
রাজনৈতিক সহিংসতার পাশাপাশি সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড ও গণপিটুনির ঘটনা জুন মাসে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের জেরে সংঘটিত ৬৩টি ‘মব’ সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ৩১ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনাও বেড়েছে; ট্রাফিক নিয়ন্ত্রণ বা অভিযানে গিয়ে ৬৬ জন সদস্য হামলার শিকার হয়েছেন। এছাড়া, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে মৃত্যুর ঘটনা মানবাধিকার পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। জুন মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হেফাজতে তিনজনের মৃত্যু এবং গ্রেপ্তার এড়াতে গিয়ে আরও চারজনের প্রাণহানি ঘটেছে।
প্রতিবেদনে গণমাধ্যমের স্বাধীনতা ও নারী-শিশু সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। জুন মাসে ৩৯টি ঘটনায় ৪৭ জন সাংবাদিক নির্যাতন, হয়রানি ও হুমকির শিকার হয়েছেন, যা মুক্ত সাংবাদিকতার পথে বড় বাধা। নারী ও শিশু নির্যাতনের চিত্রটি আরও ভয়াবহ; মোট ৩৫২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে ১০৬ জন ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া পারিবারিক সহিংসতায় ৫৭ জন নারী নিহত হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়, শ্রমিক অধিকার এবং সীমান্ত পরিস্থিতির অবনতিও প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষ করে ভারত ও মিয়ানমার সীমান্তে বিএসএফ ও স্থলমাইন বিস্ফোরণে হতাহতের ঘটনাগুলো নিয়মিত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ক্রমবর্ধমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দমনে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
দেশনেত্র দৃষ্টি ছাড়িয়ে