মাদকদ্রব্যের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। ২৬ জুন বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং কুড়িগ্রাম বন্ধুসভার আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা সফি খান বলেন, মাদকের বিষাক্ত থাবা আজ যেভাবে আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি। তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মাদকের বিস্তার রোধে সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বন্ধুসভার উপদেষ্টা রোকনুজ্জামান রুকু। তিনি বলেন, বর্তমান সমাজে যে নৈতিক অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে, তার অন্যতম কারণ মাদকের সহজলভ্যতা। তরুণদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে এবং তাদের সুস্থধারার বিনোদনের সুযোগ করে দিতে দেশজুড়ে একটি জোরালো সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য। খেলাধুলা, শিল্প-সাহিত্য ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তরুণদের ব্যস্ত রাখতে পারলে তাদের মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা সম্ভব হবে।
মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা মোখলেছুর রহমান, আসিফ ওয়াহিদসহ বন্ধুসভার সদস্য সুরাইয়া শিমু, আজিজুল হক, হাবীব, কাওসার, রাইতুল, মিমি, প্রান্ত ও ভরসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা একমত পোষণ করেন যে, মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিয়মিত সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে মাদকবিরোধী বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়।
দেশনেত্র দৃষ্টি ছাড়িয়ে