রমজানে খোলাই থাকছে স্কুল
ফাইল ছবি

রমজানে খোলাই থাকছে স্কুল

দেশনেত্র প্রতিবেদক :

 

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এর ফলে রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫ দিন নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদিকে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।

এর আগে, রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫ দিন বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

রবিবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে রমজানের প্রথম ১৫ দিন বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে, রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি। সেই রিটের শুনানিতে অংশ নিয়ে এই স্থগিতাদেশ দেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই রায় দিলেন আপিল বিভাগ।

এছাড়াও

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

দেশনেত্র প্রতিবেদক : বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *