নিজস্ব প্রতিবেদক :
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর লক্ষ্যে আগামী ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মিলিটারি পুলিশের হেফাজতে রয়েছেন মোজাফফর হোসেন। ১/১১ থেকে শুরু করে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাকে ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
চিফ প্রসিকিউটর আরও জানান, মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে ‘ঝন্ডু’ (বা ‘জন্ডো’) ছদ্মনাম ব্যবহার করে বাংলাদেশে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। প্রসিকিউশনের দাবি, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারীর সঙ্গে গত ১৬ বছরে একাধিকবার ওই ছদ্মনামে তার গোপন কথোপকথন হয়েছে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় দেশজুড়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনাকালেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। এসব যোগাযোগ এবং সংশ্লিষ্ট ঘটনার তথ্য উদ্ঘাটনে মোজাফফর হোসেন ও মাসুদ উদ্দিন চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের একটি মিস কেসে গ্রেপ্তার দেখানো হবে। পরবর্তীতে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে কোন কোন মামলায় সম্পৃক্ততা রয়েছে, তা নির্ধারণ করা হবে।
এদিকে চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিজিএফআইয়ের কথিত ‘আয়নাঘর’ বা গোপন আস্তানা, র্যাব এবং গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট গোপন বন্দিশালাগুলো সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারক।
অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে। আদালত জানিয়েছেন, এ মামলায় আসামিপক্ষের পরবর্তী শুনানি আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে।
দেশনেত্র দৃষ্টি ছাড়িয়ে