দেশনেত্র প্রতিবেদক :
বর্তমান সরকারকে জুলাই সনদ ও গণভোটসহ বিভিন্ন দাবি মানতে রাজপথে নামার প্রস্তুতির কথা জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শুধু জাতীয় সংসদের ভেতরে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণআন্দোলনের মাধ্যমেই সরকারকে জুলাই সনদ, গণভোটসহ শ্রমিকদের অধিকারসংক্রান্ত সব দাবি বাস্তবায়নে বাধ্য করা হবে।
তিনি অভিযোগ করেন, মানুষের অধিকার আদায়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার তা ভঙ্গ করেছে। এ ধরনের ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ত্যাগের মধ্য দিয়ে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে।রাজনীতি, অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। সে লক্ষ্যে শ্রমিক, ছাত্র ও সাধারণ জনগণকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্য ও সমঝোতা জরুরি ছিল, কিন্তু সরকার সেই পরিবেশ নষ্ট করেছে।সমাবেশে তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
দেশনেত্র দৃষ্টি ছাড়িয়ে