দেশনেত্র প্রতিবেদক :
গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো ফ্যাসিস্ট শেখ হাসিনার এ নিয়ে কোনো অনুশোচনা ছিলো না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারি অনুদানে নির্মিত ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত দেড় দশকে অসংখ্য পরিবারকে নিঃস্ব করেছেন। শত শত মানুষকে গুম ও খুন করা হয়েছে, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি।
অনুষ্ঠানে গুমের শিকার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এবং জীবনযাত্রার সহায়তায় মাসিক ভাতা প্রদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার (চিঠি) দেবেন। গুম ও খুনের শিকার পরিবারগুলোকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় সহায়তা দেওয়ার বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী গুমের ভয়াবহ অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং অপরাধীদের বিচারের দাবি জানান।
অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন স্থানীয় সরকার মন্ত্রী।
দেশনেত্র দৃষ্টি ছাড়িয়ে