দেশনেত্র প্রতিবেদক :
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে ‘বাণিজ্য চুক্তি নিয়ে আলাদা করে কোনো আলাপ হয়নি’ বলে জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ সকালে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন এ কূটনীতিক।
যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা চুক্তি নিয়ে বর্তমান সরকারের সিদ্ধান্ত কি? বৈঠক শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চুক্তি তো একটা হয়েছেই, এখানে সিদ্ধান্তের কিছু নাই। এ চুক্তি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকার দুই পক্ষের মধ্যে হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং এ চুক্তিতে আপনারা যদি কিছু খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন। আমরাও দেখছি। আমাদের কাছে এখন পর্যন্ত সেই রকম কিছু প্রতীয়মান হয়নি।’
‘নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ অব্যাহত রাখা’ সংক্রান্ত প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘তারা নিশ্চিত করেছেন যে নতুন সরকারের সঙ্গে কাজ করবে। আগামী দিনে কীভাবে মার্কিন বিনিয়োগ এ দেশে আসবে, সেই জন্য দু-একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যা দূর করলে সেটা আমেরিকান বিনিয়োগের জন্য সহজতর হবে।’
প্রতিবন্ধকতা বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কিছু নন-ট্যারিফ ব্যারিয়ার আছে, যেগুলো দূর করা গেলে তাদের ডেভেলপমেন্ট ফাইন্যান্সের জন্য বাংলাদেশ এলিজিবল হবে।’
গতকাল ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের পল কাপুর। আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
সফরসূচি অনুযায়ী, পল কাপুর আজ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
দেশনেত্র দৃষ্টি ছাড়িয়ে