রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
Deshnetrow

রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে বেড়িবাঁধের শামীম গার্মেন্টসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার তামান্না (২৭) নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

শনিবার (১ এপ্রিল) সকালে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (৩১ মার্চ) রাতে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে (রাইড শেয়ারিং) বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়লে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন ওই শিক্ষার্থী।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত তামন্নার বড় ভাই মো. সায়েম জানান, তার বাবার নাম আবু তাহের। তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর নুরবাগ মনির চেয়ারম্যান গলিতে থাকেন। তার বোন নর্থ সাউথ ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগে অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

তিনি আরও জানান, তামন্না শুক্রবার (৩১ মার্চ) বিকেলে কলাবাগানে এক আত্মীয়ের বাসায় গেছিলো ইফতারের দাওয়াতে। সেখান থেকে বাসায় ফিরছিলো। ঈদের পর কানাডা প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার।

এদিকে, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি চালকসহ জব্দ করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি এস এম মুর্শেদ।

এছাড়াও

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

দেশনেত্র প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *