দেশনেত্র ডেস্ক :
জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক এক এমপিকে খালাস করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ অভিযোগ ওঠার পর ওই প্রসিকিউটর সোমবার পদত্যাগ করেন। এদিনই তাকে অব্যাহতি দেয় আইন মন্ত্রণালয়। ২০২৪ সালের ৭ অক্টোবর তাকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
সোমবার সাইমুম রেজার পদত্যাগের ঘণ্টা কয়েক পর ‘ঘুষ দাবির’ অভিযোগের কথিত দুটি অডিও ফাঁস হয়েছে, যা একটি টিভি চ্যানেলে প্রচারও করা হয়। ওই দুটি অডিওতে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজাকে চট্টগ্রাম-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ‘ঘুষ দাবির’ দরকষাকষির কথোপকথনে শোনা যায়।
এই অডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিম আজ মঙ্গলবার সকালে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে। বৈঠক শেষে দুপুরে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করবেন মো. আমিনুল ইসলাম।
এদিকে ঘুষ দাবির অভিযোগ ও অডিওর সত্যতা অস্বীকার করেছেন সাইমুম রেজা তালুকদার। তার দাবি, এটি একটি মহলের অপপ্রচার এবং অডিওগুলো মিথ্যা।
ফাঁস হওয়া কথিত অডিও ক্লিপগুলোতে আর্থিক লেনদেনের পাশাপাশি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং রাজনৈতিক তদবিরের বিষয়ে কথা বলতে শোনা যায়।
গণমাধ্যমের কাছে আসা সেই অডিওতে সাইমুম রেজা তালুকদারকে সরাসরি ‘এক কোটি টাকা’ প্রত্যাশার কথা বলতে শোনা যায়। অডিও এর কথোপকথনে ‘কিস্তিতে টাকা পরিশোধের’ কথা শোনা যায়।
সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করে পুলিশ।
প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ৯ জন নিহত এবং ৪৫৯ জন আহত হওয়ার ঘটনায় সাবেক ওই এমপির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই এমপি বর্তমানে এই হত্যা মামলায় কারাগারে রয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সাইমুম রেজা তালুকদার সোমবার রাত ৯টা ৫ মিনিটে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তার দাবি, এটি একটি মহলের অপপ্রচার এবং অডিওগুলো মিথ্যা।
দেশনেত্র দৃষ্টি ছাড়িয়ে